বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

অনুমিত বড় জয়ে ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ভুটানকে ৭-১ গোলে হারিয়ে আরেকবার শিরোপার হাতছানি পাচ্ছে বাংলাদেশ। দুই বছর আগে এই মাঠে অবশ্য এই প্রতিপক্ষকেই সেমিফাইনালে ৮-০ গোলে হারিয়েছিল তারা। প্রথমার্ধেই আসলে ভুটানকে ছিটকে ফেলেছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-১ গোলে হারানো বাংলাদেশ্। এই অর্ধেই তারা নেয় ৫-১ গোলের লিড। এরপর আরও দুই গোল করেছে তারা। ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা এই ম্যাচে পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। এছাড়া অধিনায়ক সাবিনা খাতুনের পা থেকে আসে জোড়া গোল। বাকী দুই গোলের মালিক ঋতুপর্ণা চাকমা ও মাসুরা পারভীন।

সিনিয়র ও সেরাদের নিয়েই এই ম্যাচে একাদশ সাজিয়েছেন ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। ভারতের ম্যাচের একাদশে কেবল একটা পরিবর্তন। চোট পাওয়া শামসুন্নাহার জুনিয়রের জায়গায় খেলছেন সাগরিকা। অন্যদিকে ভুটান পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে এসেও বাংলাদেশকে রুখতে পারেনি। তেকাঠীর নিচে বিশ্বস্থ রূপনা চাকমা ছিলেন সয়ংক্রীয় পছন্দ। রক্ষণের দায়িত্বে ছিলেন অভিজ্ঞ মাসুরা পারভীন, সামসুন্নাহার জুনিয়র, শিউলি আযিমের সঙ্গে তরুণ আফিদা খন্দকার। মাঝমাঠের দায়িত্বে ছিলেন মনিকা চাকমা ও মারিয়া মান্দা। বাঁ দিক দিয়ে আক্রমণের দায়িত্ব ছিল ঋতুপর্ণা চাকমার। আর গোলের দায়িত্বে সাবিনা, তহুরা ও সাগরিকা।

অফসাইডের ফাঁদ পেতে রিয়ালকে বোকা বানান বার্সা কোচঅফসাইডের ফাঁদ পেতে রিয়ালকে বোকা বানান বার্সা কোচ

ম্যাচের সপ্তম মিনিটে অসাধারণ গোলে বাংলাদেশকে এগিয়ে নেন ঋতুপর্না চাকমা। তহুরা দারুণ বডি ডজে মার্কারদের পেছনে ফেলে বল নিয়ে আক্রমণে উঠে বাঁ দিকে ঋতুকে দেন। বল আয়ত্বে নিয়ে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের জোড়ালো শটে ভুটান কিপারকে পরাস্ত করেন ঋতু। ১২ মিনিটে বাঁ দিক থেকে ঋতুর ক্রসে সাগরিকার হেড গোললাইন থেকে ফেরান দরজি এদন। তিন মিনিট পর তহুরা খাতুন গোলের খাতা খোলেন। শিউলি আযিমের ক্রস নামিয়ে চকিতে ঘুড়ে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন ভারতকে হারানোর নায়ক। ১৮ মিনিটে খানিকটা নড়বড়ে হয়ে পড়েছিল বাংলাদেশের রক্ষণ। সতীর্থের কাছ থেকে থ্রু পেয়ে যান দেকি লাজম। বিপদ বুঝে রূপনা বের হয়ে এসে চেয়েছিলেন তার শট নেওয়ার কাজটা কঠিণ করে তোলেন। তারপরও শট নিয়েছিলেন ভুটান ফরোয়ার্ড। তবে তা ফাঁকা পোস্ট রেখে বাইরে যায়। হাই প্রেস ফুটবল খেলায় বারবার আলগা হয়েছে বাংলাদেশের রক্ষণ। সুযোগে ২৩ মিনিটে নামগিল দেমার জোড়ালো শট রুখে দেন রূপনা।SIBL

২৫ মিনিটে তহুরার পাস ধরে সাবিনা বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দূরের পোস্টে শট নিয়েছিলেন। তবে তা সাইডবারে আঘাত হানে। পরের মিনিটে অবশ্য হতাশ হতে হয়নি বাংলাদেশ অধিনায়ককে। মনিকা চাকমার কাটব্যাক থেকে সাবিনার প্লেসিং জালে জড়ালে স্কোরলাইন ৩-০ হয়। ৩৫ মিনিটে মারিয়া মান্দার ক্রস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে বাঁ পায়ের পায়ের শটে ভুটান কিপারের ওপর দিয়ে লক্ষ্যভেদ করেন তহুরা। দুই মিনিট পর একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলের দেখা পান সাবিনা। মাঝমাঠে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দ্রুত আক্রমণে উঠে আগুয়ান কিপারকে কাটিয়ে ঠান্ডা মাথায় বল পোস্টে জমা করেন দেশের সর্বকালের সেরা গোলদাতা। ৪১ মিনিটে বাজে ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে ভুটান এক গোল পরিশোধ করেন। বাংলাদেশের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে শেরিং হাদেন ক্রস ফেলেন গোলমুখে। তাতে দেকি লাজমের প্লেসিং রুখতে পারেননি রূপনা। ফলে প্রথমার্ধ শেষ হয়ে বাংলাদেশের ৫-১ লিডে।

বিরতি থেকে ফিরে তেড়েফুড়ে আক্রমণ নয়, বরং কিছুটা বুঝে শুনে খেলতে দেখা গেছে বাংলাদেশকে। ফলে অনেকটা সময় গোল পায়নি তারা। ৫৮ মিনিটে তহুরা হ্যাটট্রিক পূরণ করেন। বাঁ দিক থেকে সাবিনার পাস আলতো চিপ করে বক্সে ফেলেন মারিয়া। তহুরা বল পেয়ে প্লেসিংয় লক্ষ্যভেদ করেন। এরপর ৭২ মিনিটে সানিজদার কর্নারে মাসুরার হেডে ৭-১ হয়। শেষ দিকে ফাইনালের কথা মাথায় রেখে বেশ ক’টি পরিবর্তন করেন বাটলার।

এখন দল নিয়ে বাটলার অপেক্ষায় থাকবেন ফাইনালের প্রতিপক্ষ জানতে। সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিক নেপাল ও এ গ্রুপের রানার্স-আপ ভারত।

সর্বশেষ

এই বিভাগের আরও