সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

পুলিশের অনুমতি না পাওয়ায় স্থগিত ‘গার্লস প্রায়োরিটি’র মেলা; বিতর্কে আয়োজক তাসনুভা আনোয়ারের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

বন্দরনগরী চট্টগ্রামে দীর্ঘকাল ধরে রয়েছে মেলার এক সমৃদ্ধ ঐতিহ্য। শত বছরের পুরনো আবদুল জব্বারের বলী খেলা ও মেলা, মুক্তিযুদ্ধের বিজয় মেলা কিংবা আন্তর্জাতিক বাণিজ্য মেলা—চট্টগ্রামের মানুষের বিনোদন ও কেনাকাটার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এই আয়োজনগুলো। মেলার এই দীর্ঘ ইতিহাসের মধ্যেই সম্প্রতি নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন ‘গার্লস প্রায়োরিটি’র প্রতিষ্ঠাতা তাসনুভা আনোয়ার।
​আজ বুধবার (১১ মার্চ) থেকে নগরীর পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে তিন দিনব্যাপী ‘গার্লস প্রায়োরিটি ডিসকাউন্ট গ্র্যান্ড এক্সপো ২০২৬’ শুরু হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়েছে।
​জানা গেছে, ১১, ১২ ও ১৩ মার্চ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই মেলা চলার কথা ছিল। তবে আয়োজক পক্ষ মেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় পুলিশি ছাড়পত্র বা অনুমতি না পাওয়ায় মেলাটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
​এদিকে মেলা স্থগিত হওয়ার খবরের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে আয়োজক তাসনুভা আনোয়ারের একটি বিতর্কিত মন্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেলা স্থগিতের বিষয়ে সি ভিশন-এর একটি পোস্টের পরিপ্রেক্ষিতে তিনি দাবি করেন, “আমি এমন একজন মানুষ যিনি চট্টগ্রামকে মেলা শিখিয়েছেন।”
​তার এমন মন্তব্য চট্টগ্রামে মেলা আয়োজনের দীর্ঘ ঐতিহ্যের বিপরীতে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অনেকেই। সচেতন নাগরিকরা বলছেন, যেখানে চট্টগ্রামের বিজয় মেলা বা জব্বারের বলী খেলার মতো বিশাল আয়োজন কয়েক দশক বা শতাব্দী ধরে হয়ে আসছে, সেখানে এ ধরনের দাবি অনভিপ্রেত।
​মেলা কবে নাগাদ শুরু হতে পারে সে বিষয়ে এখন পর্যন্ত গার্লস প্রায়োরিটি কর্তৃপক্ষের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি অনুমতির বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও