চট্টগ্রামের অলংকার মোড়ে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, গীতিকার, কলামিস্ট ও এবিএল প্রপার্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন খোকন। এ ঘটনায় জামান হোটেলের মালিকদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
রোববার (২৪ আগস্ট) দায়ের করা ওই জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি একাধিক মুঠোফোন থেকে কল দিয়ে লিয়াকত হোসেনকে অলংকার মোড়ে না যাওয়ার জন্য ভয় দেখান। কল রেকর্ডে ওই ব্যক্তি হুমকি দিয়ে বলেন, “অলংকারের মোড়ে গেলে অনেক বড় অসুবিধা হবে, জায়গা-সম্পত্তি বিক্রি করে দিবেন, না হলে গুলি করে ৭ দিনের মধ্যে কবর দেব।”
৩ মিনিট ৩৬ সেকেন্ডের কল রেকর্ডে আরও শোনা যায়, ওই ব্যক্তি সম্পত্তি জামান হোটেলের মালিকদের কাছে ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে তিনি স্পষ্টভাবে বলেন, “যখন ঘর বেড়াই বেড়াই গুলি করবো তখন বুঝবেন।”
ব্যবসায়ী লিয়াকত হোসেন খোকন তার জিডিতে উল্লেখ করেন, নগরীর পশ্চিম খুলশী এলাকার মৃত মালেকুজ্জামানের দুই ছেলে— রাশদে করিম খোকন জামান (৪৭), আলমগীর জামান (৫০) এবং পাহাড়তলী নোয়াপাড়া এলাকার মৃত তোরাব আলীর ছেলে মো. আলী মিয়ার (৫৬) এর সঙ্গে তার দীর্ঘদিন ধরে জায়গা-সম্পত্তি সংক্রান্ত মামলা চলছে। মামলা চলমান অবস্থায় আসামিরা নিয়মিতভাবে তাকে হত্যার হুমকি দিয়ে আসছেন।
উল্লেখ্য, এর আগে অলংকার মোড়স্থ তৈয়বিয়া টাওয়ারের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে লিয়াকত হোসেনের পরিবার ও এলাকাবাসী। সেখানে তারা অভিযোগ করেন, জামান হোটেলের মালিকপক্ষ জবরদখলের মাধ্যমে লিয়াকতের সম্পত্তি দখল করতে চাইছে।
ঘটনা প্রসঙ্গে কোতোয়ালি থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ব্যবসায়ী লিয়াকত হোসেনের জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

