চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছেন সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ উদ্দিন জানান, মোঃ জসিম ইদ্দীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি বলেন ২০২৪ সালের ৪-৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রাম সিটি কলেজ থেকে ইসলামিয়া কলেজ মোড় পর্যন্ত এলাকার ছাত্র জনতার উপর হামলার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
এই ঘটনায় ২০২৪ সালের ৪ নভেম্বর লোহাগাড়ায় মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোমেন হোসেন জয় বাদী হয়ে সদরঘাট থানায় মামলা করেন।
সাবেক চেয়ারম্যান জসিম সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গারাঙ্গিয়া হাতিয়ারপুল এলাকার মৃত এরশাদ আলীর ছেলে।
ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে সদরঘাট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় এবং বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের সূত্রে আরও জানা যায়, জসিম উদ্দিনের বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে।

