জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে সরাসরি নির্দেশ চিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার কথায়, এ নির্দেশনা অডিও রেকর্ড আকারে প্রমাণসহ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য প্রকাশ করেন। তিনি জানান পুলিশের কমান্ড সেন্টার থেকে “ফায়ার করো”- এমন নির্দেশ এসেছে শেখ হাসিনার দিক থেকেই, যা পুলিশ বাহিনীর নিচের স্তর পর্যন্ত পৌঁছে যায়। যার ফলে একটি “কমন রেসপনসিবিলিটি” বা যৌথ দায়দায়িত্ব সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।
প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, দাখিল দুটি অডিও রেকর্ডের একটি শেখ হাসিনার কথোপকথনের, যেখানে আন্দোলনকারীদের ওপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। অপর রেকর্ডটি ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের, যিনি পুলিশ বাহিনীকে ‘সিআর’ অর্থাৎ চাইনা রাইফেল দিয়ে গুলি চালাতে বলেন।
তিনি আরও জানান, গুলিবর্ষণে শর্টগান নয় রাইফেল জাতীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। নিচের সারির পুলিশ সদস্যরা গুলি চালান এবং সুদ্বীপ কুমার মাঠে উপস্থিত থেকে নির্দেশ দেন, যা ভিডিও ফুটেজে ধরা পড়েছে।

