চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় চলন্ত একটি সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় শাশুড়ি ও পুত্রবধূ দগ্ধ হয়েছেন। রোববার (২০ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে মুরাদপুর-অক্সিজেন সড়কের তিন রাস্তার মাথায় এই হামলার ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে রয়েছেন লায়লা বেগম (৫০) ও তার পুত্রবধূ ঝর্ণা বেগম (৩০)। প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে লায়লা বেগমের শ্বাসনালিতে গুরুতর ক্ষত দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম।
দগ্ধ লায়লার স্বামী মো. আব্বাস জানান, তারা রাউজান থেকে কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাজারে যাওয়ার পথে আতুরার ডিপো এলাকায় পৌঁছালে সড়কে আগুন দেখতে পান। অটোরিকশার চালক পাশ কাটিয়ে যেতে চাইলেই মুখোশধারী তিন দুর্বৃত্ত পেট্রলবোমা ছুঁড়ে মারে। এতে পেছনের সিটে থাকা লায়লা ও ঝর্ণা দগ্ধ হন।
লায়লার দুটি আঙুল ও শ্বাসনালি পুড়ে গেছে বলে জানান আব্বাস। পেছনের সিটে থাকা আরেক পুত্রবধূ সাদিয়া অক্ষত থাকলেও সামনের সিটে থাকা তিনি নিজে, তার ছেলে এবং চালক অক্ষত রয়েছেন।
অটোরিকশার চালক মো. জামি বলেন, হামলার পর কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে আহতদের শরীরে পানি ঢেলে দেন। গাড়ির ভেতর থেকে পেট্রলবোমার কাচের টুকরাও উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. এস খালেদ জানান, লায়লার শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং ঝর্ণাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

