পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো “Green and Social Business” থিমে শিক্ষার্থীদের এক ব্যতিক্রমধর্মী প্রজেক্ট প্রদর্শনী। এতে ব্যবসায় প্রশাসন অনুষদের বিবিএ ২৬তম ব্যাচের শিক্ষার্থীরা “Small Business and Entrepreneurship” কোর্সের অংশ হিসেবে পরিবেশবান্ধব ও সামাজিক উদ্যোগভিত্তিক নানা প্রকল্প উপস্থাপন করেন।
এই আয়োজনে অংশ নেয় মোট ৫১ জন শিক্ষার্থী, যারা ৮টি দলে বিভক্ত হয়ে ৮টি উদ্ভাবনী ও সামাজিকভাবে দায়বদ্ধ প্রজেক্ট প্রদর্শন করেন। তাদের উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল: হাইব্রিড ঘাস উৎপাদন, স্যানিটারি ন্যাপকিন রিসাইকেলিং, কেঁচো ব্যবহার করে জৈব সার তৈরি, গ্রামীণ কৃষকদের জন্য সৌরশক্তি চালিত ঠান্ডা সংরক্ষণ ব্যবস্থা, আমের বাগান, রিসাইকেলিং সেন্টার, গ্রিন সিটি, এবং বর্জ্য থেকে ট্রেন্ড তৈরি।
এই আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক রোমানা সুলতানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান, রিপন চ্যাটার্জি, প্রভাষক এঞ্জেলা সজ্জন, ইসমাইল হোসাইন, প্রেম সাগর দাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা রহমান, প্রভাষক গোলাম রব্বানী জিলানী, রাশেদুল ইসলাম এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মাইমুম রহমান ও ছাত্র উপদেষ্টা হুমাইরা তাজরিন উপস্থিত ছিলেন।
শিক্ষকমণ্ডল তাদের বক্তব্যে শিক্ষার্থীদের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন। তারা বলেন, পরিবেশবান্ধব ও সামাজিকভাবে দায়িত্বশীল ব্যবসা মডেলই আগামী প্রজন্মের জন্য টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়নের পথ দেখাবে। তরুণ উদ্যোক্তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

