চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) প্রধান ফটকের সামনে অবস্থিত এপিক হেলথ কেয়ারের বিরুদ্ধে এক রোগীকে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নগরের জামালখান এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. সোহেল।
তিনি জানান, গত ৭ এপ্রিল এপিকে টিএসএইচ হরমোন পরীক্ষার জন্য রক্ত দেন। রাতেই রিপোর্টে ফলাফল আসে ১১.৫১, যা দেখে চিকিৎসকসহ তিনি নিজেও অবাক হন। চিকিৎসকের পরামর্শে প্রবর্তক মোড়ের শেভরনে একই পরীক্ষা করলে রিপোর্ট আসে ৫.৮০। এরপর চিকিৎসক এপিকের রিপোর্টকে ‘অসম্ভব’ উল্লেখ করে শেভরনের রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা দেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে মো. সোহেল লেখেন, এপিককে বিশ্বাস করে কতজন ভুল চিকিৎসা নিচ্ছেন! এই শহরের হাজার হাজার রোগী ভুল রিপোর্টের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনের কঠোর নজরদারি দরকার।
এই ঘটনার পর চট্টগ্রামের চিকিৎসা ও ডায়াগনস্টিক সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। ভুল রিপোর্টের মতো ঘটনা যেন আর না ঘটে, সেই দাবি উঠেছে সামাজিক ও নাগরিক মহল থেকে।

