ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৬০০ মিলিয়ন ডলার এবং বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার ঋণসহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
বর্তমান সরকার দাতা সংস্থাগুলোর কাছ থেকে কী পরিমাণ ঋণসহায়তার প্রতিশ্রুতি পেয়েছে — সাংবাদিকদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে এমন প্রশ্ন করা হলে তার উত্তর দেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যেসব পলিসি নিচ্ছে, এগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক ব্যাপক সমাধান দিয়েছে। প্রকৃত যে প্ল্যান ছিল, তার থেকে অনেক বেশি টাকা ঋণসহায়তা আমরা পাচ্ছি।’
অর্থসচিব আরও বলেন, ‘এরই মধ্যে এডিবির সঙ্গে ৬০০ মিলিয়ন ডলার ঋণের নেগোসিয়েশন হয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে এ অর্থ আমরা পাবো। বিশ্বব্যাংকের ৫০০ মিলিয়ন ডলারের একটি ঋণ নেগোসিয়েশন হয়েছে; সেটাও ডিসেম্বরের মধ্যে পাবো আমরা।’

তিনি বলেন, ‘এ দুটি ঋণের প্রকৃত অঙ্ক ছিল ৩০০ ও ২৫০ মিলিয়ন ডলার। তার মানে দুটিই আমরা ডাবল করে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য আইএমএফের কাছে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে। এর মধ্যে এ বছরে আমরা অতিরিক্ত এক বিলিয়ন ডলার চেয়েছি। আগামী ৪ ডিসেম্বরে আইএমএফ আসবে এবং তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি চূড়ান্ত হবে। যে প্রগ্রেস দেখছি, আমরা আশাবাদী এটাও আমরা পাবো।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রমুখ।

