রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে-দুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে এক শিশুকেও দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।
পুলিশের লালবাগ বিভাগের ডিসি মো. জসীমউদ্দীন গণমাধ্যমকে জানিয়েছেন, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা ফুটফুটে একটি বাচ্চা নিয়ে গেছে। শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে।
এ ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেইসবুকে। যে বাসায় ডাকাতি হয়েছে তার গৃহকর্ত্রীর এক সহকর্মী পোস্টে লিখেছেন, আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।


