মেয়াদোত্তীর্ণ কেক ও মিষ্টি, ইচ্ছেমতো মূল্য বসানো এবং অনুমোদনহীন বিভিন্ন পানীয় সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে ফুলকলি (সুইটস এন্ড পিউর ফুড)কে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানার পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা কার্যালয় এ অভিযান চালায় । এতে সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার। সাথে ছিলেন সহকারী পরিচালক রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান।
একই অভিযানে কাপ্তাই রাস্তার মোড় এলাকার ফেনী বাণিজ্যালয়কে (আলুর আড়ত) মূল্য তালিকা না থাকায় ৩ হাজার টাকা এবং একই বাজারে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে (আলুর আড়ত) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তাধিকার চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, আজকের অভিযানে ৩টি প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ এবং তা আদায় করে ভবিষ্যতে যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


