বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে বহিষ্কৃত এস কে খোদা তোতনের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে সেগুনবাগান এলাকার লোকজন।
শুক্রবার (১ নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের খুলশী থানার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ঘটনাস্থল থেকে দেখা যায়, খুলশী ৩ নম্বর রোডের মুখে দল বেঁধে প্রায় শতাধিক লোকজন ঝাড়ু ও ব্যানার হাতে মিছিল করছে। ব্যানারে সন্ত্রাসী, ভূমিদস্যূ, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের মূলহোতা আখ্যা দিয়ে এস কে খোদা তোতনকে দ্রুত আইনের আওতায় আনা দাবি জানানো হয়। তারা প্রায় আধা ঘণ্টার বেশি সময় ধরে এ বিক্ষোভ মিছিল করে এবং মিছিলে তোতনকে গ্রেপ্তার করতে স্লোগান দেয়া হয়। পরে পুলিশ কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) বলেন, ‘স্থানীয় লোকজন এসে এস কে খোদা তোতন নামের এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায়। তারা যার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে, তার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। চাইলেই তো কাউকে ধরে আনা সম্ভব নয়। পরে বিষয়টি আমাদের সেকেন্ড স্যার (উপ-পরিদর্শক নুরুল ইসলাম) তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন বলে আমাদের জানিয়েছেন।’
প্রসঙ্গত, শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকায় থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শাহ আলমের অনুসারী মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এস কে খোদা তোতনের অনুসারী হওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক এস কে খোদা তোতনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

