শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- Advertisement -bsrm

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১ টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে চট্টগ্রামের মিরসরাই ও জোরারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

জানা গেছে, ২০২২ সালের ১২ অক্টোবর চট্টগ্রাম শহরের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির কর্মিসভায় যোগ দিতে যাওয়ার পথে মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা চালিয়ে ২৫টি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মিরসরাই থানায় সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমানসহ ১২৬ জনের নামে একটি মামলা হয়েছে।SIBL

২০১৭ সালে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় জোরারগঞ্জ থানায় শুক্রবার রাতে মামলা হয়। এই মামলায় সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, তাঁর ছেলে ও সাবেক সংসদ সদস্য মাহবুব উর রহমানসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়।

২০১৬ সালের ৭ সেপ্টেম্বর মিরসরাই পৌরসভায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তাঁর ছেলে মাহবুব উর রহমানসহ ৯০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে মিরসরাই ও জোরারগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর তিনি চট্টগ্রাম, ফটিকছড়ি ও ঢাকায় আত্মগোপনে ছিলেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন।

তিনি বাংলাদেশের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকার পতনের পর সম্প্রতি মোশাররফ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি মিরসরাইয়ের এক দুবাই প্রবাসী ফখরুল ইসলাম খান সিআইপি ফেসবুক লাইভে এসে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার ছেলে মাহবুব উর রহমান রুহেল এবং বারৈয়ারহাটের সাবেক পৌর মেয়র রেজাউল করিম খোকনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে ৩০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও